ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী-লেনিনবাদী) লিবারেশন

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী-লেনিনবাদী) লিবারেশন একটি ভারতীয় কমিউনিস্ট সংগঠন, যার জন্ম ১৯৬৭ সালের মে মাসে সংগঠিত নকশালবাড়ি আন্দোলনের উত্তাল আবহে। এই অভ্যুত্থান দেশের সবচেয়ে নিপীড়িত অংশকে মানুষকে দেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে এবং ভারতীয় বিপ্লবের চালকের আসনে বসায় — এবং এই কার্যক্রম কমিউনিস্টদের দ্বারা পরিচালিত পুন্নাপ্রা-ভায়ালারের ও তেলেঙ্গানার ঐতিহাসিক কৃষক আন্দোলনের পরম্পরা হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করে। দলটি প্রতিষ্ঠিত হয় ১৯৬৯ সালের ২২ এপ্রিল লেনিনের জন্মদিনে এবং ভারতের বাস্তবতায় মার্কসবাদ-লেনিনবাদের প্রয়োগে নিজেকে অঙ্গীকারবদ্ধ করে।

ভারতের কমিউনিস্ট আন্দোলনের বিপ্লবী ঐতিহ্যের সুদৃঢ় রক্ষক হিসেবে
সিপিআই(এম এল) -এর উত্থান হয়, এবং সবরকম সংশোধনবাদী ও নৈরাজ্যবাদী ধারাগুলোর বিরুদ্ধেও প্রতিরোধ গড়ে তোলে। চলার শুরু থেকেই দলটার কর্মীরা পুলিশ হেফাজতে নিষ্ঠুরতম নির্যাতন ও হত্যার মুখোমুখি হন, যার ফলে দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কমরেড চারু মজুমদার সহ একটা গোটা প্রজন্মের নেতৃত্বের জীবন বলিদান হয়। সিপিআই(এম এল) লিবারেশন তার সূচনাপর্ব থেকেই শ্রেণিসংগ্রামের একটা এমন মডেল গড়ে তোলে, যা নিপীড়িত জাতিসত্ত্বা ও নারীদের মর্যাদা ও সমানাধিকারের প্রশ্নকে অগ্রাধিকার দেয়।

বর্তমানে বিহার ও ঝাড়খণ্ডের বিধানসভায় সিপিআই(এম এল) লিবারেশনের নির্বাচিত প্রতিনিধি রয়েছেন এবং সারা দেশ জুড়ে শ্রমিক, কৃষক ও জনসাধারণের বিভিন্ন অংশের আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে দলটি। সংসদ ও বিধানসভায় দলের প্রতিনিধিরা বিপ্লবী বিরোধীপক্ষের ভূমিকা পালন করেছেন। সিপিআই(এম এল) ভারতের সাম্রাজ্যবাদবিরোধী জাতীয়তাবাদের সর্বোত্তম ঐতিহ্যকে ঊর্ধ্বে তুলে ধরে। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক এবং অভ্যন্তরীণ নানাবিধ জাতিসত্তার প্রশ্নে দলটি যেকোনোরকম উগ্র জাত্যভিমান ও যুদ্ধোন্মাদনার বিরুদ্ধে সর্বদা অবস্থান নিয়েছে। ভারতের গণতন্ত্রকে প্রসারিত ও গভীর করার লড়াইয়ে দলটি তার সূচনালগ্ন থেকেই সামনের সারিতে আছে। সিপিআই(এম এল) ধারাবাহিকভাবে রাষ্ট্রীয় দমন-পীড়নের বিরোধিতা করে এবং অমানবিক ও দমনমূলক আইন বাতিলের পক্ষে সংগ্রাম চালায়; জাতপাত প্রথার নির্মূলকরণের লক্ষ্যে এবং লিঙ্গভিত্তিক সহিংসতা, বর্ণবিদ্বেষ, সমকামী বিদ্বেষ এবং জমি ও সম্পদের কর্পোরেট লুণ্ঠনের বিরুদ্ধে বিরুদ্ধে লড়ে। এটি ভারতের ক্রমবর্ধমান সাম্প্রদায়িক ফ্যাসিবাদের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে প্রতিরোধ গড়ে তুলতে বদ্ধপরিকর।

  • নির্বাচিত জনপ্রতিনিধি
  • সংগঠন
  • দলিল
  • সাম্প্রতিক খবর